বগুড়ার সাতমাথা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়ার সাতমাথা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথা বীরশ্রেষ্ট স্কয়ার থেকে আলী আহসান খান নামে একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, আলী আহসান খান ছিলেন একজন ভবঘুরে ও মাদকাসক্ত মানুষ। বীরশ্রেষ্ট স্কয়ারে তার মরদেহ পড়ে থাকার খবর প্রথমে জানতে পারে তার সাথে থাকা অন্য ভবঘুরে মানুষরা। এদের মধ্যে একজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

এর আগে তার মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এ রিপোর্ট তৈরির সময় তার শরীরে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি। তার মরদেহ উদ্ধারের সময় প্রথমে তার কোন পরিচয় পাওয়া যায়নি। পরে পিবিআই সদস্যরা এসে তার হাতের আঙ্গুলের ছাপ নেয়।

পরে আঙ্গুলের ছাপ নিয়ে নির্বাচন অফিসের এনআইডি শাখায় পাঠানো হয়। এনআইডি শাখা থেকে  জানানো হয় যে, লোকটির নাম আলী আহসান খান। তিনি ঢাকা মেট্রোপলিট্রনের ধনিয়া যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোতাহার আলী খান।

ওসি আরো বলেন, তার মৃত্যুর কারন জানতে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ওই হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তশেষে তার মরদেহ মর্গে রাখা হয়েছে। সেইসাথে তার স্বজনদের খবর দেয়া হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190889