বগুড়ায় ইউপি মেম্বারসহ দুই অনলাইন জুয়ারি গ্রেফতার

বগুড়ায় ইউপি মেম্বারসহ দুই অনলাইন জুয়ারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ইউপি মেম্বারসহ দুই অনলাইন জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। এসআরবি-১২ বগুড়ার সদস্যরা আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে শাজাহানপুর উপজেলার কাজলগৌরী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত দুটি স্মার্ট ফোন ও দুটি সিম জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, শাজাহানপুরের কাজলগৌরী গ্রামের জলিলুর রহমানের ছেলে মুন্নাফ হোসেন ওরফে তানসের (২৮) ও একই উপজেলার গয়নাকুড়ি গ্রামের ইউনুস আলীর ছেলে ও খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মো. আবু তালেব (৪৫)।

এসআরবি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ জানান, গোপন তথ্যে জানা যায় যে, শাজাহানপুরের কাজলগৌরী গ্রামে দুই ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছে এবং অনলাইন জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার প্রলোভন ও রেফারেঞ্জ জুয়ার লিংক এর মাধ্যমে সাধারণ জনগণকে জুয়ায় অংশগ্রহন করতে উদ্বুদ্ব করছে।

পরে এই তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫ টা ৫০ মিনিটে কাজলগৌরী গ্রামে মুন্নাফ হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মুন্নাফ ও খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আলহাজ্ব মো. আবু তালেব (৪৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ওই দুটি মোবাইল ফোন ও সিম জব্দ করা হয়েছে। ধৃত আসামিদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190859