২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে থাকার পথে লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কয়েক দফা আলোচনার পর চুক্তি নবায়নে সম্মত হয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, নতুন চুক্তির আওতায় আরও চার বছর আলবিসেলেস্তেদের ডাগআউটে দেখা যাবে তাকে।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত স্কালোনি ও তার কোচিং স্টাফের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। তবে চুক্তিটি দুই বছরের দুটি ধাপে সাজানো হয়েছে। প্রথম ধাপের মেয়াদ থাকবে ২০২৭ কোপা আমেরিকা পর্যন্ত। এরপর দুই পক্ষের সম্মতিতে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবেন স্কালোনি।
চুক্তি নবায়নের বিষয়ে তাপিয়া বলেন, ‘২০২৭ থেকে ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ হিসেবে লিওনেল স্কালোনির কোচিং স্টাফের চুক্তি আনুষ্ঠানিকভাবে নবায়নের ঘোষণা দিতে যাচ্ছি। এএফএর নির্বাহী কমিটির পাশাপাশি সব আর্জেন্টাইনের জন্য এটি আনন্দের খবর।’
তিনি আরও বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা। আট বছরের চুক্তি, সঙ্গে আরও চার বছর বাড়ানোর বিকল্প রয়েছে। এই অ্যাসোসিয়েশনের ইতিহাসে সবচেয়ে বেশি বিশ্বকাপে দলকে কোচিং করানোর সুযোগ থাকবে তার সামনে।’
তবে স্কালোনির দীর্ঘদিনের সহকারী ওয়াল্টার স্যামুয়েল নতুন কোচিং স্টাফে থাকছেন না। ইউরোপে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চান তিনি। অন্যদিকে কোচিং স্টাফে থাকছেন পাবলো আইমার, রবার্তো আয়ালা, লুইস মার্টিন, মার্তিন তোকালি ও মাতিয়াস মান্না।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা দলের ভবিষ্যৎ পরিকল্পনাও এগিয়ে চলছে। লিওনেল মেসির বিদায়ের পর নতুনদের নিয়ে দল সাজানোর পাশাপাশি পরবর্তী প্রজন্মের নেতৃত্ব তৈরি করতে মনোযোগী হয়েছেন এই কোচ। ইতোমধ্যে লিওনেল ফ্লোরেস, জিয়ানলুকা প্রেস্টিয়ানি ও রোমান ভেগার মতো তরুণদের জাতীয় দলে সুযোগ দিয়েছেন তিনি।
পাশাপাশি অভিজ্ঞদের নেতৃত্বের ভূমিকাও আরও শক্তিশালী করতে চান স্কালোনি। অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো, সহ-অধিনায়ক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ এবং তৃতীয় অধিনায়ক লাওতারো মার্তিনেজের ওপর থাকবে বাড়তি দায়িত্ব।
স্কালোনির অধীনে এরই মধ্যে একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ ২০৩০ বিশ্বকাপ। শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করাই হবে পুজাতো থেকে উঠে আসা এই কোচের লক্ষ্য।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190846