মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের নেতা আলামিনসহ গ্রেপ্তার ৩

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের নেতা আলামিনসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের নেতা আলামিনসহসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ছিনতাইকারী চক্রের নেতা আলামিন, আসলাম ও জুলহাস।

এসআরবি ২ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি) কমান্ডার হাসান মোহতারিমা বলেন, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পাশাপাশি তারা ছিনতাইকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। ছিনতাইকারী চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে পরিচালিত অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, আলামিনের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা রয়েছে। আসলামের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190822