সৃষ্টির মধ্যেই অমর হুমায়ূন আহমেদ
বিনোদন ডেস্ক : কিছু মানুষ সময়ের সীমানা পেরিয়ে বেঁচে থাকেন তাদের সৃষ্টিতে। তাদের লেখা গল্পের চরিত্রেরা হয়ে ওঠে পাঠকের আপনজন, সংলাপগুলো ঘুরে ফিরে আসে মানুষের মুখে।
বাংলা সাহিত্যের তেমনই এক অনন্য নাম হুমায়ূন আহমেদ। কথাসাহিত্য, নাটক ও চলচ্চিত্র—সৃজনশীলতার নানা মাধ্যমে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করা এই কিংবদন্তির আজ শুক্রবার (১৩ নভেম্বর) ৭৮তম জন্মবার্ষিকী । ১৯৪৮ সালের এই দিনে জন্ম নেওয়া এই লেখক ২০১২ সালের ১৯ জুলাই পৃথিবী থেকে বিদায় নিলেও তার সাহিত্য ও নির্মাণকর্মের আবেদন এখনো অমলিন।
হুমায়ূন আহমেদের লেখার সবচেয়ে বড় শক্তি ছিল সহজ ভাষায় মানুষের জটিল অনুভূতি তুলে ধরা। মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, সম্পর্কের ওঠানামা, ভালোবাসা, বিষণ্নতা, হাস্যরস কিংবা জীবনের গভীর দর্শন সবকিছুই তিনি তুলে এনেছেন নিজস্ব বর্ণনাভঙ্গিতে। তার গল্পের পরিচিত পরিবেশ ও চরিত্রের সঙ্গে পাঠকেরা সহজেই নিজেদের মিল খুঁজে পেতেন। এভাবেই তিনি হয়ে ওঠেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক।
১৯৭২ সালে প্রকাশিত তার উপন্যাস ‘নন্দিত নরকে’ সাহিত্যাঙ্গনে তাকে বিশেষ পরিচিতি এনে দেয়।
এরপর একের পর এক উপন্যাস, ছোটগল্প, কিশোর সাহিত্য ও অন্যান্য রচনার মধ্য দিয়ে গড়ে ওঠে তার সমৃদ্ধ সাহিত্যভুবন। তার রচিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘কবি’, ‘লীলাবতী’ ও ‘দেয়াল’-এর মতো বই পাঠকের কাছে আজও সমান আলোচিত।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190809