কমেছে শীতকালীন সবজির দাম
রাজধানীর নিত্যপণ্যের বাজারে আসতে শুরু করেছে শীতকালীন বিভিন্ন ধরনের আগাম সবজি। ফলে চাহিদা ও সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে এসব সবজির দাম।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওসহ বিভিন্ন বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
সরেজমিনে দেখা গেছে, বাজারে ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা পিস বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৬০-৭০ টাকা ছিল। নতুন আলুর দামও ১৫০ টাকা কেজি থেকে ৩০ টাকা কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পুরোনো আলুর কেজি ২০-২৫ টাকা, কাঁচা মরিচ দাম কেজিতে ৪০ টাকা কমে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে।
সবজি বিক্রেতা ইমরান বলেন, বাজারে শীতের নতুন সবজি আসতে শুরু করেছে। সবজির আমদানি বেশি থাকায় দাম কিছুটা কমেছে।
আরেক বিক্রেতা মিন্টু শেখ বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি আসা শুরু হয়েছে। কয়েকদিন পর আরও বেশি আমদানি হবে। তখন দাম আরও কমে আসবে। গত সপ্তাহের তুলনায় সবজির আমদানি বেশি হওয়ায় এ সপ্তাহে দাম কিছুটা কমেছে।
মুরগির বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক মাস ধরে ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগির কেজি ২৩০ থেকে ২৪০ টাকা।
অন্যদিকে, ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের দাম প্রতি ডজনে ১০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে মাছের বাজার আগেই মতোই চড়া। গত সপ্তাহের মতোই আকারভেদে রুই মাছ কেজি ২৫০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া তেলাপিয়া ২০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা ও পাপদা মাছ ৪০০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190805