যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার পর এসব বিস্ফোরণে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পুরোনো আদালত ভবনের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। একই সময়ে বকুলতলা এলাকার জুলাই স্মৃতিস্তম্ভের সামনেও একটি বিস্ফোরণ হয়।
এ ছাড়া নতুন ১০ তলাবিশিষ্ট আদালত ভবনের সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পাশেও বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বিভিন্ন স্থানে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যান। বিস্ফোরণের শব্দ ও ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্তের চেষ্টা চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, হামলাকারীদের শনাক্ত করতে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।
এদিকে বিস্ফোরণের প্রতিবাদে রাতে লালদিঘির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশ বা অন্য কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190796