লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবারের (১৩ নভেম্বর) মধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এটি সৃষ্টি হতে পারে। পরে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যেই শুক্রবারের কাছাকাছি সময়ে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং এ পাঁচ দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। এ ছাড়া মোংলায় ১৩, চাঁদপুরে ১২, তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ এবং ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের আরও কয়েকটি অঞ্চলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বর্ধিত পাঁচ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190793