বগুড়ার সাতমাথায় মাতলামি, কিংখানসহ গ্রেফতার ৪

বগুড়ার সাতমাথায় মাতলামি, কিংখানসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার: বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় মদ খেয়ে মাতলামির সময় ‘কিং খান’ নামে পরিচিত একজনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। কিংখানের প্রকৃত নাম মো. নাঈম হোসেন। তিনি বগুড়ার নিশিন্দারা এলাকার একটি জোড়া হত্যা মামলার আসামি। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাতমাথায় টহল পুলিশ ওই ৪জন জনকে মাতলামি করতে দেখে তাদের পরিচয় জানতে চায়। এসময় তারা অসংলগ্ন কথাবার্তা শুরু করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে মব সৃষ্টির চেষ্টাও করে। পরে পুলিশ ৪ জনকে আটক করে বগুড়া সদর থানায় নেয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, সারাদেশের মতো বগুড়াতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহানগরের বিভিন্ন এলাকায় পুলিশের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। 

থানায় নেওয়ার পর ‘কিং খান’ পরিচয় দেওয়া নাঈম হোসেন দাবি করেন, তারা রেলস্টেশনে গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করতে যাচ্ছিলেন। তবে কম্বল কোথায় জানতে চাইলে তারা নানা অজুহাত দেখায়। পরে পুলিশ তাদের নাম-ঠিকানা যাচাই করে জানতে পারে, আটক ব্যক্তিদের মধ্যে নাঈম হোসেনসহ দুজন নিশিন্দারা এলাকার জোড়া হত্যা মামলার আসামি। প্রাথমিকভাবে তাদের হাসপাতালে নিয়ে মাদক সেবনের পরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে তাদের থানা হাজতে পাঠানো হয়। 

তবে আটক কিংখান ওরফে নাইম হোসেন জোড়া হত্যা মামলা আসামি হলেও তিনি এ মামলায় জামিনে আছেন। ‘কিং খানের সাথে আটক অন্য তিনজন হলো মহানগরের নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া এলাকার মো. আব্দুল গফুরের ছেলে সৌরভ, বগুড়া সদরের পল্লীমঙ্গল হিন্দুপাড়ার পরেশ চন্দ্রের ছেলে অসীম কুমার এবং মহানগরের নামাজগড় ভান্ডারী মসজিদ এলাকার মো. সোবহানের ছেলে সিহাব হোসেন। ওসি আরো জানান, আটক ওই চারজনকে গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল তাদের আদালতে পাঠানো হযেছে।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190785