নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ৩ জনের কারাদন্ড

নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ ৩ জনের কারাদন্ড

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: নন্দীগ্রামে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেফতার তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের ফরিজুল ইসলাম (৪২), নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের আলম হোসেন (৩০) এবং চকরামপুর গ্রামের সিদ্দিক হোসেন (৭০)। তাদের মধ্য সিদ্দিক হোসেন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের 'খ' সার্কেলের পরিদর্শক সামসুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে গ্রেফতারকৃত তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড দেন। এ সময় উদ্ধার করা ইয়াবা ও গাঁজা ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের 'খ' সার্কেলের পরিদর্শক সামসুল আলম। 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190772