ফরিদপুরে সালথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরে সালথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলায় রোজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া বাজার এলাকায় নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রোজিনা ওই এলাকার ইতালি প্রবাসী মো. বাবুল ঠাকুরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান রোজিনা।

বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190754