মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ হামলা, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা, রাজারচর, কংসপুরা ও নতুন আমঘাটা গ্রামে এসব ঘটনা ঘটে।
ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লা ও ফ্রান্সপ্রবাসী বিএনপি কর্মী রহিম মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন– দিদার ঢালী (৪৭), বোরহান সিকদার (৪৯), দিদার সরদার (৪৫), রাকিব সরদার (২৫) ও ইমরান হোসেন (৪৮)। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত দিদার ঢালী জানান, বুধবার রাতে নোয়াদ্দা এলাকায় একটি ড্রেজারের পাশে তারা কয়েকজন কথা বলছিলেন। এ সময় আওলাদ মোল্লার সমর্থকেরা সেখানে গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন। এতে তিনি ও আরও চারজন গুলিবিদ্ধ হন। এ ঘটনার জেরে ইউনিয়নের অন্যান্য গ্রামেও সংঘাত ছড়িয়ে পড়ে। সংঘর্ষে চলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত।
এ বিষয়ে কথা বলতে ইউনিয়ন বিএনপির সহসভাপতি আওলাদ মোল্লার ফোনে এবং বিএনপি কর্মী রহিম মোল্লার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে সংঘর্ষের মধ্যে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190746