ইরানে হামলার প্রস্তুতি জোরদারের নির্দেশ ইসরায়েলের মন্ত্রিসভার

ইরানে হামলার প্রস্তুতি জোরদারের নির্দেশ ইসরায়েলের মন্ত্রিসভার

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি জোরদার করতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির ওপর নতুন করে হামলা হলে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়া হবে। পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত হামলায় জড়িত প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে। 

বুধবার সন্ধ্যায় ইসরাইলের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে সামরিক বাহিনীকে ইরানে হামলার সম্ভাব্য প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (কেএএন) জানিয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভার দেওয়া নির্দেশনা এমন সামরিক তৎপরতার পথ তৈরি করতে পারে, যা নতুন করে যুদ্ধের সূচনা ঘটাতে পারে।

ইসরাইলের বিরোধী দলের নেতা গাদি আইজেনকট নেতানিয়াহুকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানোর পর নিরাপত্তা মন্ত্রিসভার নির্দেশনার বিষয়টি প্রকাশ্যে আসে। এক বিবৃতিতে তিনি বলেন, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত সরাসরি ও তাৎক্ষণিক হুমকি ছাড়া নেতানিয়াহুর সামরিক বাহিনী মোতায়েন করা উচিত নয়।

গত অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আইজেনকোটকে নতুন সরকার গঠনের সুযোগ দেন। বিরোধী দল সরকার গঠনে সফল হলে ক্ষমতা হারানোর মুখে পড়বেন নেতানিয়াহু। তবে তিনি বলে আসছেন, তেহরানের সরকার পতন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলবে। খবর : আল জাজিরা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190742