১০০ দিনের পরিকল্পনা তথ্য কমিশনের, হবে আরটিআই মেলা
তথ্য কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে ১০০ দিনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। বৃহস্পতিবার (১১ নভেম্বর) তথ্য কমিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পরিকল্পনার অংশ হিসেবে এ মাসের শেষে ঢাকার তিনটি পাবলিক ও চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এক সপ্তাহব্যাপী আরটিআই (তথ্য অধিকার) মেলা আয়োজন করা হবে। তিনি বলেন, এই মেলার মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে, আরটিআইয়ের আওতায় আইনগতভাবে কীভাবে নিজেদের দাবি আদায় করা যায়। মব সহিংসতার প্রবণতার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতান্ত্রিক চর্চায় এ ধরনের কর্মকাণ্ড কাম্য নয়। আগামী সপ্তাহের ১৬ তারিখ থেকে জমে থাকা অভিযোগের শুনানি শুরু হবে। গত দুই বছরে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। নতুন কমিশন যোগ দেওয়ার পর গত কয়েক দিনেই আরও প্রায় ২০০টির বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানান তিনি।
এ ছাড়া সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রধান তথ্য কমিশনার বলেন, এতে প্রতিবাদ—কর্মসূচি ন্যায্য দাবির পথে এগোবে এবং সরকার ও মন্ত্রণালয়কে জবাবদিহির আওতায় আনা সহজ হবে।
জনবল সংকটের কথা তুলে ধরে তিনি জানান, সাংগঠনিক কাঠামো অনুযায়ী ৭৬ জন থাকার কথা থাকলেও বর্তমানে কর্মকর্তা—কর্মচারী আছেন ২২ জন। তিনি বলেন, গত ১৭ বছরে কমিশন গণতন্ত্রচর্চায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি। সীমিত জনবল নিয়েই কমিশন কাজ শুরু করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190722