প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার ভাষ্য, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বা পরিবর্তনশীল নেতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করছেন।

 

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন এবং প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের প্রতিনিধিত্বকারী নেতৃত্ব হিসেবে তারেক রহমানের ভূমিকা বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর মধ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক ইস্যুতে যৌথভাবে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।

হুমায়ুন কবিরের তথ্য অনুযায়ী, ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও বাংলাদেশ সফরে আসার আগ্রহ জানিয়েছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং দুই দেশের অভিন্ন স্বার্থের বিষয়গুলো উঠে আসে। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন সংকট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়। সেখানে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থনও পুনর্ব্যক্ত করা হয়েছে।

এ ছাড়া লন্ডনের মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সরাসরি বিমান চলাচল চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। দেশটির প্রেসিডেন্ট তারেক রহমানকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব জানিয়েছেন।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো ও কর্মসংস্থান খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনসহ জ্বালানি খাতের বিভিন্ন প্রকল্পে চীনা বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে সংযুক্ত করে আঞ্চলিক অর্থনৈতিক করিডর প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিংয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর আগের দিনের বৈঠককেও ফলপ্রসূ বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা রাখার সম্ভাবনাও আলোচনায় এসেছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলে জাতীয় স্বার্থ বিবেচনায় বাংলাদেশ তা ইতিবাচকভাবে দেখবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190719