উত্তরায় আ.লীগের ৪ সদস্যসহ গ্রেফতার ৭
রাজধানীর উত্তরায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উত্তরা পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এসব অভিযান চালায়।
গ্রেফতার চারজন হলেন, কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪) এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মজুমদার (৩৪)।
ডিএমপির মিডিয়া উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে হীরাকে গ্রেফতার করা হয়। বিকেল পৌনে ৬টার দিকে আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখ এবং সন্ধ্যা পৌনে ৮টার দিকে ৩ নম্বর সেক্টরের একটি বাসার সামনে থেকে শাহাদাত খানকে গ্রেফতার করা হয়। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবদুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে রিপন মজুমদারকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, নান্নু শেখ ও হীরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতেন এবং সেসব কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।
অন্যদিকে, বুধবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। তারা হলেন মো. ফাহিম, মোহাম্মদ মাফুজুর রশিদ লাবিব (১৯) ও মাহি বি চৌধুরী রাতুল (২০)।
গ্রেফতার সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190700