বগুড়ার ধুনটে ইজিবাইক সমিতির নেতাকে কুপিয়ে জখম, চাপাতিসহ আটক চালক
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট পৌর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রাজ্জাককে কোপানোর অভিযোগে মন্টু শেখ (৫০) নামে এক চালককে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। এসময় তার কাছ থেকে একটি ধারালো চাপাতি জব্দ করা হয়।
চালক মন্টু শেখ পৌর এলাকার পূর্বভরণশাহী গ্রামের মোবারক আলীর ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আহত আব্দুর রাজ্জাক একই গ্রামের আব্দুল জোব্বার মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ধুনট-সোনামুখী সড়কে ইজিবাইক চালকদের চেইন মাস্টারের দায়িত্ব পালন করেন। আর একই সড়কের ইজিবাইক চালাক মন্টু শেখ। ওই সড়কের চালক আব্দুর রাজ্জাক ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমিতির নিয়মের তোয়াক্কা না করে নিজের ইচ্ছামাফিক ইজিবাইক চালান।
অন্যান্য দিনের মতো গতকাল মঙ্গলবার দুপুরে সমিতির নিয়ম বর্হিভুতভাবে ইজিবাইকে যাত্রী তুলছিলেন। এসময় আব্দুর রাজ্জাক তাকে বাধা দিলে বিরোধের সৃষ্টি হয়। এদিকে তর্কবিতর্কের এক পর্যায়ে মন্টু শেখ ক্ষুব্ধ হয়ে তার ইজিবাইকের সিটের নিচ থেকে ধারালো চাপাতি বের করে আব্দুর রাজ্জাকে কোপাতে থাকে। তখন স্থানীয়রা মন্টু শেখকে চাপাতিসহ আটক করে থানায় সোর্পদ করেন। আহত আব্দুর রাজ্জাককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে আব্দুর রাজ্জক বাদি হয়ে মন্টু মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আব্দুর রাজ্জাকের দায়েরকৃত মামলায় মন্টু শেখ গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190689