নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষা অফিস থেকে ২৪ সার্ভিস বই গায়েব
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই গায়েব হওয়ার ঘটনা ঘটেছে। বইগুলো খুঁজে না পাওয়ায় শিক্ষা অফিসের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জিফিএফ, সমতা বিল, উচ্চতার স্কেল, চিকিৎসা ভাতা, মাতৃত্বকালীন ছুটি, অবসরকালীন ভাতাসহ বিভিন্ন বিলের ফাইল তৈরি ও প্রক্রিয়াকরণের নামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আধিপত্য বিস্তার করে আসছে একটি সিন্ডিকেট।
ফলে চাকরিতে যোগদানের সময় থেকে অবসর পর্যন্ত ব্যক্তিগত, পেশাগত ও আর্থিক সুবিধা সংক্রান্ত সকল তথ্য ধারাবাহিকভাবে লিপিবদ্ধ থাকা সার্ভিস বই হারানোকে রহস্যজনক মনে করছে অনেক শিক্ষক। প্রায় দুই মাস ধরে বইগুলো খুঁজে না পাওয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তার অবহেলা বলে মনে করছেন ভুক্তভোগী শিক্ষকরা।
উদ্ভুত পরিস্থিতিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোসা. মাহমুদা খাতুন গত ১৪ অক্টোবর ৯ জন শিক্ষককে নিয়ে সার্ভিস বই খোঁজার জন্য একটি অফিস আদেশ জারি করেন। পরে ২টি বই পাওয়া গেলেও বাকি ২৪টি বই জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা হিসাব রক্ষণ অফিসেও খুঁজে পাওয়া যায়নি।
সার্ভিস বই খুঁজে বের করা অফিস আদেশের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষক বলেন, প্রধান শিক্ষক মাহমুদ শরিফ সার্ভিস বইসহ বিভিন্ন বিলের কাজ একটি সিন্ডিকেটের মাধ্যমে করেন। সম্প্রতি তিনি গোপনে ৯টি সার্ভিস বই নিয়ে গেলে জানাজানি হয়। তাৎক্ষণিক তা ফেরতও দেন। ওই শিক্ষক আরও বলেন, শিক্ষা অফিসারের অনুমতি সাপেক্ষে বইগুলো তিনি নিয়ে যান বলে জানায়।
এদিকে উপজেলা শিক্ষা অফিসার তার অফিসের অফিস সহকারী শাহীনুর ইসলামকে কৈফিয়ত তলব করেন। চিঠিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক বদলীর সুপারিশ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট করা হবে না তার সন্তোষজনক জবাব ৩ কর্মদিবসের মধ্যে জমাদানের নির্দেশ দেন।
প্রধান শিক্ষক শরিফ মাহমুদ জানান, অফিসের স্টাফ সমতা বিল করার সময় না পাওয়ায় তাকে করতে বললে বইগুলো নিয়ে যাওয়ার সময় গোপনে নিয়ে যাচ্ছি প্রসঙ্গ উঠলে তাৎক্ষণিক আমি বইগুলো অফিসের স্টাফ শাহীনুরের মাধ্যমে ফেরত দেই।
গদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপা খাতুন বলেন, চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত সার্ভিস বুক খুবেই গুরুত্বপূর্ণ। শিক্ষা অফিসে বই দিয়েছি, তারাই আমাদের বই বের করে দিবে। পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলিমুজ্জান বলেন, শিক্ষকদের সার্ভিস বই সংরক্ষণসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব শিক্ষা অফিসের।
অফিসে যারা দায়িত্ব পালন করেন, তারাই বলতে পারবেন বইগুলো কীভাবে হারিয়ে গেল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন বলেন, আমরা খুঁজছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190687