বগুড়া সাতমাথায় ভ্যান আটক নিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে হাতাহাতি
শহর প্রতিনিধি : বগুড়ার সাতমাথায় কাজী নজরুল সড়কের পূর্ব পাশে ভ্যান দোকানিদের সঙ্গে সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকদের হাতাহাতি হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার আগে বীরশ্রেষ্ঠ স্কয়ার ও আশপাশের সড়কে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রণের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মীদের তথ্য অনুযায়ী, মঙ্গলবারও সড়ক দখল করে যানজট সৃষ্টির অভিযোগে একটি শরবতের ও তিনটি কাপড়ের ভ্যান আটক করে নগর ভবনে নেওয়া হয়। আজ বুধবার (১১ নভেম্বর) আবারও সড়কের ওপর বসানো দোকান আটক করে নেওয়ার সময় স্বেচ্ছাসেবক ও ভ্যানওয়ালাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।
এ সময় একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন ঘটনার ছবি ও ভিডিও ধারণ করছিলেন। কাপড় বিক্রেতা ভ্যানওয়ালাসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তার সঙ্গে অশোভন আচরণ করেন, ফোন কেড়ে নেন এবং হুমকি দেন।
পরে, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম ও ডিবির ওসি ইকবাল বাহারকে নিয়ে হকারদের সঙ্গে মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
পুলিশ কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফোন উদ্ধার করে ক্যামেরাপার্সনকে ফেরত দেওয়া হয়।
উল্লেখ্য, ৩১ অক্টোবর সাতমাথায় উচ্ছেদ অভিযানে বাধা ও এক কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগে জিহাদ (১৯) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190680