জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার অভিযোগে ১৯ জন গ্রেফতার

জয়পুরহাটের আক্কেলপুরে নাশকতার অভিযোগে ১৯ জন গ্রেফতার

‎আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তবে আসামিদের স্বজনদের দাবি, তারা কোনো নাশকতার পরিকল্পনা করতে নয়, পিকনিক করতে সেখানে গিয়েছিলেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন-কার্যক্রম নিষিদ্ধি আক্কেলপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আরাফাত হোসেন (সঞ্জু), পৌর যুবলীগের দপ্তর  সম্পাদক নাসিমুজ্জামান রকেট ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন।

এছাড়া আসামিদের মধ্যে একজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, একজন কলেজের কম্পিউটার অপারেটর ও একজন কলেজের প্রহরী রয়েছেন। এ ঘটনায় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে আক্কেলপুর পৌরসভার পশ্চিম বিহারপুর মহল্লার  রফিকুল ইসলামের বাড়িতে জড়ো হয়েছেন।

তারা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে পুলিশ সেখানে পৌঁছালে জড়ো হওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় ১৯ জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে ১৯ জনের নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ৬ নম্বর আসামি নাসির উদ্দীন বকুল নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ৮ নম্বর আসামি হারুনুর রশিদ জনি আক্কেলপুর এমআর ডিগ্রি সরকারি কলেজের কম্পিউটার অপারেটর। আরেক আসামি জাকির হোসেন একই কলেজের প্রহরী।

তবে আসামিদের স্বজনদের দাবি, তারা কোনো রাজনৈতিক বা নাশকতামূলক কর্মকান্ডে অংশ নিতে নয়, পিকনিক করতে সেখানে গিয়েছিলেন। তারা নিয়মিত সেখানে পিকনিক করতেন। আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহা. মুবারক হোসাইন বলেন, আমার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। ছুটিতে বাড়িতে এসে এক বন্ধুর সঙ্গে পিকনিক খেতে গিয়েছিল। পুলিশ তাদের সবাইকে আটক করে নাশকতার মামলা দিয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করা হয়েছে। 
‎আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, আসামিরা সবাই এক জায়গায় জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করেছে। থানার হাজতে জায়গা না হওয়ায় রাতেই আসামিদের জয়পুরহাট সদর থানায় পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190676