বগুড়ার শেরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে রাস্তা পারপারের সময় দ্রুতগতির অজ্ঞাতনামা সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় সুকুমার সরকার (৬০) নামের এক কুরিয়ার সার্ভিস ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (১১ নভেম্বর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুকুমার সরকার পৌর শহরের গোসাইপাড়া এলাকার মৃত সুতিক সরকারের ছেলে। তিনি হাজিপুর এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হাজিপুর এলাকায় কাজ শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হচ্ছিলেন সুকুমার সরকার। মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়।
এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাকির হোসেন বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক সিএনজিটি শনাক্তের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190674