এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই : ডা. শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতে ইসলামীর নেই। আমরা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসব, কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধির বক্তব্যের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বরং যারা আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশ্যে বলেছেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না।
ডা. শফিকুর রহমান বলেন, আমি উনার বক্তব্যের শেষ থেকে শুরু করতে চাই। উনি শেষের দিকে এসে একটি আবেদন জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেবো। উনার এই অনুভূতির জন্য ধন্যবাদ।
তিনি বলেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন। আমাকেও কোট করেছেন। বলেছেন, সীমান্তের ওপার থেকে সুরসুরি দেওয়া হচ্ছে। এ বিষয়ে একমত। তবে এমন কথাও রয়েছে যে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। এই সুরসুরির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কি না, সেটি পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক ২৪ ঘণ্টার সচিব মর্যাদার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে তাকে স্পষ্টভাবে বলতে চাই, বিষয়টি আমরা চ্যালেঞ্জ করেছিলাম। বলেছিলাম, এর প্রমাণ উপস্থাপন করুন।
তিনি বলেন, বিষয়টি অন্যভাবে বলতে গেলে বলতে হয়, ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না। যারা এসব কথা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন। তারা আত্মগোপনে আছেন, বিষয়টি গোপনও নয়, প্রকাশ্য।
বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখে বলতে চাই, বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ও প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেবো। আমরা তো এসব কথা বলিনি।
তিনি বলেন, আমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ওই ২২ মিনিটের বক্তব্যে একবারও স্বপ্নেও আমি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। সেই ভিডিও এখনো আছে, যে কেউ দেখে নিতে পারেন।
ডা. শফিকুর রহমান বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন। আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটি কথা বলেন, রাতে আরেকটি বলেন, পরদিন সকালে আরেকটি বলেন, দুপুরে আরেকটি বলেন। এভাবে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, এ ধরনের একজন ব্যক্তিকে উদ্ধৃত করে যদি আমাদের ইঙ্গিত করা হয় যে আমরা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসেছি, তাহলে আজ এই ৩০০ সদস্য বন্ধুদের সঙ্গে বসব। এজেন্সির সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, বরং আমাদের নামে যারা এসব অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশ্যে বলেছেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না। এগুলো তাদের প্রকাশ্য বক্তব্য। তাই মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাই উত্তম হবে।
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মাদক নির্মূল হোক, এটা আমরা চাই। তবে এই সংসদে মাদক নিয়ন্ত্রণের কথা পাস হয়েছে। প্রশ্ন হচ্ছে, মাদক নিয়ন্ত্রণ করবে কারা? যারা নিজেরাই ধান খায়, তারা রক্ষা করবে কীভাবে?
তিনি বলেন, এই সংসদের একজন সিনিয়র সদস্য বলেছেন, আগে ফ্যাসিস্টরা মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, এখন তাদের দলের কিছু নেতা মাদক নিয়ন্ত্রণ করেন। এই বক্তব্য সংসদের একজন মাননীয় সদস্য দিয়েছেন।
তিনি আরও বলেন, মাদক দেশের ভেতরে নিয়ন্ত্রণ করার আগে এর প্রবেশ বন্ধ করা দরকার। এই সংসদের আরেকজন সিনিয়র সদস্য বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান যায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190658