অভিশংসন চেষ্টা ব্যর্থ, স্বপদে বহাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের তোয়াক্কা না করে ইরানে যুদ্ধ চালানো ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের চেষ্টা ব্যর্থ হয়েছে। নিজ দল রিপাবলিকান পার্টির তীব্র বিরোধিতার মুখে শেষ পর্যন্ত টিকল না এই উদ্যোগ।
মঙ্গলবার (১০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদে) এ বিষয়ে একটি ভোটাভুটি হয়। হেগসেথের বিরুদ্ধে এই অভিশংসন প্রস্তাবটি এনেছিলেন কেনটাকির রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি। তবে তার নিজের দলের আর কোনো সদস্যই প্রস্তাবে সায় দেননি। ফলে ২১১-২০৪ ভোটের ব্যবধানে প্রস্তাবটি বিচার বিভাগীয় কমিটিতে পাঠিয়ে কার্যত বাতিল করে দেওয়া হয়।
প্রস্তাব বাতিল হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, অভিশংসনের এই মনগড়া চেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। একজন সত্যিকারের দেশপ্রেমিক সুবিচার পেয়েছেন। অন্যদিকে পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘটনাকে রাজনৈতিক প্রহসন বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা কোনো অপরাধ বা ঘুষ নেওয়ার মতো ঘটনা নয়। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (৯ নভেম্বর) হেগসেথের বিরুদ্ধে আটটি গুরুতর অভিযোগ তোলেন আইনপ্রণেতা থমাস ম্যাসি। তার প্রধান অভিযোগ ছিল, পার্লামেন্টের অনুমতি না নিয়ে তিন মাসেরও বেশি সময় ধরে ইরানে যুদ্ধ চালিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি সাগরে মাদকবিরোধী অভিযানের নামে বেআইনিভাবে মানুষ হত্যার তদারকিও করেছেন তিনি। ভোটে হেরে যাওয়ার পর ম্যাসি জানান, প্রস্তাবটি পাস না হলেও তিনি হতাশ নন, প্রেসিডেন্ট ট্রাম্পকে বার্তা দেওয়াই ছিল তার মূল উদ্দেশ্য। তবে আইনপ্রণেতাদের অনেকের ধারণাই, এই যাত্রায় পদ বেঁচে গেলেও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পিট হেগসেথের ওপর চাপ কিন্তু পুরোপুরি কাটেনি। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190613