আসিফের বিরুদ্ধে দুদক’র ব্রিফিং কেন অবৈধ নয় : হাইকোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আগেই, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রেস ব্রিফিং কেন অবৈধ নয়; জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে দুদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে, ৪ নভেম্বর এই রিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছিলেন। আদালতের অবকাশ শেষে নতুন করে শুনানির জন্য আবেদনটি উপস্থাপন করা হয়।
প্রসঙ্গত, দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর; প্রাথমিক সত্যতা পাওয়ার ঘোষণা দিয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেন। এ ব্যাপারে আসিফ মাহমুদের আইনজীবী ইউসূফ আলী বলেন, দুদকের সংবাদ সম্মেলন সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190610