উপসাগরীয় দেশগুলোসহ ইসরায়েলের কাছে ইরান যুদ্ধের খরচ চাইছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধে অস্ত্র ও সামরিক শক্তি ব্যবহারের পাশাপাশি বিপুল অর্থও ব্যয় হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেই অর্থের পুরোটা আর একা বহন করতে চায় না যুক্তরাষ্ট্র। যেসব দেশকে সুরক্ষা দিতে এই যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন, এবার তাদের কাছ থেকেই যুদ্ধের সব খরচ ফেরত চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ তালিকায় এবার স্পষ্টভাবে ইসরায়েলের নামও উল্লেখ করেছেন তিনি। তবে বিশ্লেষকদের ধারণা, যুদ্ধের খরচ আদায়ের বাস্তব কোনো উদ্যোগ নেওয়ার চেয়ে রাজনৈতিক বার্তা দিতেই এমন কথা বলছেন ট্রাম্প। গত রোববার (৮ নভেম্বর) সম্প্রচারিত সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যমটির প্রতিনিধি রস ডাউথাটকে তিনি বলেন, যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের যুদ্ধের পেছনে ব্যয় করা সব অর্থ ফেরত দিতে হবে।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধের পুরো খরচই ফেরত পাবে। কারণ, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে এসব দেশের অস্তিত্বই থাকত না। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি অংশ নিয়েছিল ইসরায়েল। তবে, এবারই প্রথম দেশটির কাছ থেকে যুদ্ধের খরচ ফেরত চাওয়ার কথা স্পষ্টভাবে বলেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না পেলে ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকত না বলে দাবি তার।
অন্যদিকে, এর আগেও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুদ্ধের খরচ ফেরত চাওয়ার কথা বলেছিলেন ট্রাম্প। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সামরিক উপস্থিতি বজায় রাখতে হচ্ছে এবং এ জন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে বলে উল্লেখ করেছিলেন তিনি। গত জুলাইয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অনেক অর্থ ব্যয় করছে। তাই এই ব্যয়ের ভার মিত্রদেশগুলোর বহন করা উচিত।
মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, গত অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৪ হাজার ৭১০ কোটি ডলার। তবে এই হিসাবের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে, যুদ্ধের প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে, গত সেপ্টেম্বরে মার্কিন কংগ্রেশনাল বাজেট অফিসের (সিবিও) এক হিসাবেও বলা হয়েছিল, যুদ্ধ যত দিন চলবে, প্রতি মাসে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ কোটি ডলার ব্যয় হতে পারে।
ট্রাম্পের খরচ ফেরত চাওয়ার তালিকায় রয়েছে-সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত। তবে, এসব দেশের সঙ্গে ইসরায়েলের অবস্থানের পার্থক্য রয়েছে। কারণ, ইসরায়েল শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে। অন্যদিকে, উপসাগরীয় দেশগুলোর দাবি, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে ওয়াশিংটন তাদের কিছু জানায়নি। বরং ইরানের পাল্টা হামলার কারণে এসব দেশকেই বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।
একই সঙ্গে, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো শুরু থেকেই সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে। অর্থাৎ, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পরিবর্তে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পক্ষে ছিল তারা। সূত্র : আল-জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190606