বগুড়ার শেরপুরে গ্যানেন গোপাল হোটেলের ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে গ্যানেন গোপাল হোটেলের ৩ লাখ টাকা জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে পৌরশহরের হাটখোলা এলাকায় অবস্থিত গ্যানেন গোপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, পাশাপাশি পঁচা-বাসি খাদ্যপণ্য রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল রেজিস্ট্রি অফিস এলাকায় হোটেলটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করে।

বগুড়া জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্যানেন গোপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি খাদ্যপণ্য সংরক্ষণের বিষয়টি দেখতে পান কর্মকর্তারা। এ ছাড়া খাবার প্রস্তুতের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়ম ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রমের দায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা হোটেল কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190590