বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে কাহালু থানা ও জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো কাহালু উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শামছুজোহা খান রাবু (৫০), কাহালুর মুরইল ইউনিয়ন পরিষদের সদস্য ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক (৫৪) এবং পাইকড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা সারোয়ার কাজী (৫৫)।
শামছুজোহা খান রাবু কাহালু সদর ইউনিয়নের সাকোহালী গ্রামের মৃত মমতাজ খানের ছেলে। আবু বক্কর সিদ্দিক উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর টুপিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলী ওরফে খোশের ছেলে। অপরদিকে সারোয়ার কাজী উপজেলার পাইকড় ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত সাদেক কাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শামছুজোহা খান রাবুকে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কাহালু বাজার এলাকা থেকে গ্রেফতার করে কাহালু থানা পুলিশ। আবু বক্কর সিদ্দিককে গতকাল সোমবার দুপুরে বগুড়া শহর এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা গ্রেফতার করেন।
একই দিন বিকেলে সারোয়ার কাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। কাহালু থানার উপপরিদর্শক(এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, তিন জনকে গ্রেফতারের পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190589