সাবেক আইজিপি বেনজীরের প্রত্যর্পণ কোনো সহজ প্রক্রিয়া নয়

সাবেক আইজিপি বেনজীরের প্রত্যর্পণ কোনো সহজ প্রক্রিয়া নয়

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, শুধু ইন্টারপোলের রেড নোটিশ জারি বা বিদেশে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার হওয়ার মাধ্যমেই প্রত্যর্পণ প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। এটি একটি দীর্ঘ ও জটিল বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া, যেখানে সংশ্লিষ্ট দেশের আইন, আদালত এবং কূটনৈতিক বাধ্যবাধকতাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ এর অধীনে গৃহীত প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ বক্তব্য প্রদান করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ ও প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়। ফলশ্রুতিতে, ২০২৫ সালের ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। এরপর ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে এনসিবি ঢাকাকে জানায় যে বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ‘ফেডারেল ল নম্বর ৩৯ অফ ২০০৬’-এর আর্টিকেল ১১ অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে বাংলাদেশ সরকার মাত্র চার দিনের মাথায়, অর্থাৎ ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটি বরাবর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক ‘এক্সট্রাডিশন রিকোয়েস্ট’ বা প্রত্যর্পণের অনুরোধ প্রেরণ করে। একই তারিখে তথ্য সমন্বয়ের জন্য উক্ত অনুরোধের একটি অনুলিপি এনসিবি আবুধাবিকেও পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুরোধপ্রাপ্ত দেশের (দুবাই বা আবুধাবি) উপযুক্ত বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক সে দেশের নিজস্ব আইন ও বিচারিক প্রক্রিয়ার আওতায় গৃহীত সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাহার, প্রত্যাখ্যান কিংবা প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। প্রত্যর্পণ মূলত একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণের অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

সালাহউদ্দিন আহমদ বলেন,  দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে অবস্থিত সম্পদের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোতে ‘মিউচুয়াল লিগেল অ্যাসিস্টেন্স রিকোয়েস্ট’ বা পারস্পরিক আইনি সহায়তার অনুরোধ প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র ও তথ্য-প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে সম্পদ অবরুদ্ধ, জব্দ, বাজেয়াপ্ত বা পুনরুদ্ধারের বিষয়ে প্রযোজ্য আইন, আদালতের আদেশ এবং আন্তর্জাতিক আইনি সহায়তার কাঠামোর আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আরও জানান যে, কোনো ব্যক্তির জামিন প্রাপ্তি প্রত্যর্পণ কার্যক্রমের সমাপ্তি নির্দেশ করে না। একইভাবে, প্রত্যর্পণ সম্পন্ন করতে কিছু আইনগত ও বিচারিক ধাপ অতিক্রমের প্রয়োজন থাকাকে সরকারের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা হিসেবে বিবেচনা করাও যথাযথ হবে না। বাংলাদেশ সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যর্পণের অনুরোধ প্রেরণ করেছে, সংযুক্ত আরব আমিরাতের চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র সরবরাহ করেছে, স্থানীয় আইনজীবী নিয়োগ করেছে এবং তার অবস্থান ও চলাচল সম্পর্কে নিয়মিত অনুসন্ধান ও সমন্বয় অব্যাহত রেখেছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190574