বৈদ্যুতিক এয়ার পিউরিফায়ার ছাড়াই ঘরের বাতাস বিশুদ্ধ করবেন যেভাবে
ঘরের বাতাস দূষিত হলে তা চোখে দেখা না গেলেও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। রান্নার ধোঁয়া, ধুলাবালি, সিগারেটের ধোঁয়া, ছত্রাক ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ঘরের বাতাসের মান খারাপ করে। দূষণ কমাতে অনেকে বৈদ্যুতিক এয়ার পিউরিফায়ার ব্যবহার করেন। তবে যন্ত্র ছাড়াও কিছু অভ্যাসের মাধ্যমে ঘরের বাতাস তুলনামূলক পরিষ্কার রাখা সম্ভব। এর জন্য সবচেয়ে জরুরি হলো দূষণের উৎস কমানো, নিয়মিত পরিষ্কার করা এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা।
জানালা খুলুন, তবে সময় বুঝে
ঘরের বাতাস সতেজ রাখতে জানালা-দরজা খুলে প্রাকৃতিক বায়ু চলাচলের ব্যবস্থা করুন। এতে ঘরের ভেতরে জমে থাকা দূষিত বাতাস বের হতে পারে। তবে বাইরে ধুলাবালি, যানবাহনের ধোঁয়া বা বায়ুদূষণ বেশি থাকলে জানালা খোলা ঠিক নয়। ঢাকার মতো দূষণপ্রবণ শহরে বাতাসের মান বিবেচনা করে জানালা খোলার সময় ঠিক করা ভালো।
রান্নাঘরের ধোঁয়া বাইরে বের করুন
রান্নার সময় ধোঁয়া ও ক্ষুদ্র কণা ঘরের বাতাসে ছড়িয়ে পড়ে। তাই রান্নার সময় এক্সহস্ট ফ্যান বা বাইরে বাতাস বের করে দেয় এমন চিমনি ব্যবহার করুন। রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করুন। গ্যাসের চুলা ও সংযোগে লিকেজ আছে কি না, নিয়মিত পরীক্ষা করাও জরুরি।
ধুলাবালি জমতে দেবেন না
ঘরের মেঝে, আসবাব, পর্দা ও বিছানায় ধুলা জমে থাকতে পারে। নিয়মিত ভেজা কাপড় দিয়ে আসবাব মুছুন এবং মেঝে পরিষ্কার করুন। বিছানার চাদর, বালিশের কভার ও পর্দাও নির্দিষ্ট সময় পরপর ধুয়ে নিন। দরজার সামনে পাপোশ রাখুন এবং বাইরে থেকে এসে জুতা ঘরের ভেতরে না নেওয়ার অভ্যাস করুন।
স্যাঁতসেঁতে ভাব ও ছত্রাক দূর করুন
ঘরের দেয়াল, বাথরুম বা আসবাবে স্যাঁতসেঁতে ভাব থাকলে ছত্রাক জন্মাতে পারে। কোথাও পানি চুইয়ে পড়লে দ্রুত মেরামত করুন। ভেজা জায়গা ভালোভাবে শুকিয়ে নিন। সম্ভব হলে ঘরের আর্দ্রতা ৩০ থেকে ৫০ শতাংশের মধ্যে রাখুন; অতিরিক্ত আর্দ্রতা ছত্রাকের বিস্তার বাড়াতে পারে।
ধূমপান ও সুগন্ধির ব্যবহার কমান
ঘরের ভেতরে ধূমপান করবেন না। মশা তাড়ানোর কয়েল, ধূপ, সুগন্ধি স্প্রে ও অতিরিক্ত রাসায়নিকযুক্ত পরিষ্কারক ব্যবহারে সতর্ক থাকুন। এগুলোও ঘরের বাতাসে দূষক যোগ করতে পারে।
অনেকে মনে করেন, ঘরে বেশি গাছ রাখলেই বাতাস বিশুদ্ধ হয়। কিন্তু সাধারণ ঘরের পরিবেশে কয়েকটি টবের গাছ বাতাসের দূষণ উল্লেখযোগ্যভাবে কমায় এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই।
মনে রাখতে হবে, এসব অভ্যাস ঘরের বাতাসের মান উন্নত করতে সাহায্য করে, তবে সব ধরনের দূষক দূর করতে পারে না। বাইরে বায়ুদূষণ বেশি হলে বা ঘরে ধোঁয়া ও ধুলার সমস্যা গুরুতর হলে প্রয়োজন অনুযায়ী কার্যকর ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ারও বিবেচনা করতে হবে।
তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190549