ইরানের হুমকিতে যুক্তরাজ্যের আরেক ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সম্ভাব্য হামলার হুমকির মুখে যুক্তরাজ্যে অবস্থিত দ্বিতীয় একটি সামরিক ঘাঁটি থেকে বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বিমানঘাঁটি আরএএফ মিলডেনহল থেকে বেশ কয়েকটি সামরিক বিমান জার্মানি ও অন্যান্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আরএএফ মিলডেনহল ঘাঁটির ওপর থাকা হুমকি সাধারণ নাকি সুনির্দিষ্ট, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। সংবাদমাধ্যমটির তথ্যমতে, সোমবার (৯ নভেম্বর) সকালে দুটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং ট্যাঙ্কার) জার্মানিতে সরিয়ে নেয়া হয়। এছাড়া দিনের বিভিন্ন সময়ে আরও কয়েকটি ট্যাঙ্কার ও সামরিক বিমান জার্মানি এবং অন্যান্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্তারিত কোনো মন্তব্য করা হয়নি। তবে মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন কার্যক্রমগত ও অন্যান্য প্রয়োজনে নিয়মিতভাবেই বিমান এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ‘অন্যান্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে আমরা সাধারণত কোনো মন্তব্য করি না। কার্যক্রমগত প্রয়োজনেই বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিত স্থানান্তর করা হয়ে থাকে।’
এর আগে, গত মাসে (অক্টোবর) ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকেও নিজেদের বোমারু বিমান সরিয়ে নিয়েছিল মার্কিন বিমানবাহিনী। ওই ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্ত শুরুর পর এ পদক্ষেপ নেয়া হয়। উল্লেখ্য, ইরানবিরোধী সামরিক অভিযানে ঘাঁটিটি ব্যবহার করা হতো।
ব্রিটিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলার পেছনে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট প্রক্সি গোষ্ঠীগুলোর হাত রয়েছে। এসব হামলার অনেকগুলোই ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো হয়েছে, যার উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা। কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে যুক্তরাজ্যে নিজেদের লক্ষ্যবস্তুর পরিধি আরও বাড়াতে পারে তেহরান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190537