হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে হুথি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানা এবং কারখানাটির সঙ্গে সংশ্লিষ্ট আরও ২টি স্থাপনা ধ্বংসের দাবি করেছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। সোমবার এক বিবৃতিতে এ দাবি করেছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি।
জোট বাহিনী সোমবার জানিয়েছে যে, তারা ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি মিলিশিয়াদের তিনটি স্থাপনা ধ্বংস করেছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদনের কাজে ব্যবহৃত হতো। গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বিবৃতিতে মেজর জেনারেল মালিকি জানান, সোমবার সৌদি-ইয়েমেন জোট হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি কারখানা ধ্বংস করেছে। এই ৩ কারখানার প্রথমটিতে ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ সংযোজন ও উৎপাদন করা হতো; দ্বিতীয়টি ছিল একটি রাসায়নিক প্ল্যান্ট-যেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য কঠিন প্রোপেল্যান্ট (জ্বালানি) মিশ্রণ উৎপাদন করা হতো এবং তৃতীয় কারখানাটিতে ইলেকট্রনিক সিস্টেমগুলো সংযোজন করা হতো।
বিবৃতিতে মেজর জেনারেল মালিকি বলেছেন, সৌদি আরব ও ইয়েমেনে বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোর ওপর হুথিদের বারবার হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে। হুথি গোষ্ঠীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ককে দুর্বল ও ধ্বংস করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংসের পরের দিন, অর্থাৎ আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোরবেলায় সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে বিস্ফোরক ড্রোন, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথি বিদ্রোহীরা। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো আটকে দিয়ে ধ্বংস করতে পেরেছে সৌদি জোট। সূত্র : আরব নিউজ
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190506