আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

আর্জেন্টিনাকে ছেড়ে জন্মভূমি হাইতির হয়ে খেলবেন কিকি রামোস

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার পরিবর্তে হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভেলেজ সার্সফিল্ডের তরুণ ফুটবলার স্টিফেন ‘কিকি’ রামোস। কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির জার্সিতে মাঠে নামবেন তিনি।

জন্মভূমির প্রতি সম্মান জানাতেই আন্তর্জাতিক মঞ্চে হাইতিকে বেছে নিয়েছেন এই তরুণ উইঙ্গার।

২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে জন্ম রামোসের।

২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর শিশু অবস্থায় আর্জেন্টিনায় চলে যান তিনি। পরে আর্জেন্টিনার একটি পরিবার তাকে দত্তক নেয়।
বুয়েনস এইরেসে বেড়ে ওঠা রামোস সেখানেই ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। খেলেছেন দেশটির ক্লাব ভেলেজ সার্সফিল্ডের বয়সভিত্তিক দলে।

এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচেও খেলেছেন এই উইঙ্গার। তবে এবার জাতীয় দল বেছে নেওয়ার ক্ষেত্রে জন্মভূমি হাইকেই প্রাধান্য দিয়েছেন তিনি। হাইতি ফুটবল ফেডারেশন (এফএফএইচ) সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘স্টিফেন অস্কার রামোস, ডাকনাম কিকি। ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-অ-প্রিন্সে জন্ম তার। ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ খেলোয়াড় হাইতিকে বেছে নিয়েছেন এবং ব্রাজিলে জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে যোগ দেবেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘গ্রেনাডিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছে এফএফএইচ। সহযোগিতার জন্য তার এজেন্ট ও ভেলেজ সার্সফিল্ডকে ধন্যবাদ। কিকি, তুমি ঘরেই ফিরে এসেছ!’

গতি, শারীরিক সামর্থ্য ও আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত রামোসকে হাইতির সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি ভেলেজ সার্সফিল্ডের সঙ্গে প্রথম পেশাদার চুক্তিও করেছেন তিনি। তবে এখনো ক্লাবটির মূল দলের হয়ে অভিষেক হয়নি তার।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। টুর্নামেন্টে ‘ডি’ গ্রুপে পড়েছে হাইতি। গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে।

আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের হয়ে প্রীতি ম্যাচ খেললেও হাইতির হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করতে কোনো বাধা নেই রামোসের। কারণ, জাতীয় দলের প্রীতি ম্যাচে অংশ নিলে কোনো খেলোয়াড় স্থায়ীভাবে সেই দেশের হয়ে খেলার জন্য আবদ্ধ হন না। ফলে ভবিষ্যতে সিনিয়র পর্যায়েও হাইতির হয়ে খেলার সুযোগ থাকছে তার।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190495