এনসিপির নারী শক্তির দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

এনসিপির নারী শক্তির দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। পেশাগত পরিচয়ের পাশাপাশি বিমান চলাচলের নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমার সুপারিশে এবং আহ্বায়ক মাহমুদা আলম মিতু এমপি ও সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হয়েছেন সিফাত সুলতানা মিম। আর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান মেঘা।

এদিকে একই দিনে জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর উত্তরেরও তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে আহ্বায়ক হিসেবে খন্দকার খালেদা আক্তার, সদস্য সচিব হিসেবে রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হিসেবে সালমা আক্তারকে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবনিযুক্ত নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ এলাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব জমা দিতে হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190494