যাত্রাবাড়ীতে পাঁচ ককটেল ও মোটরসাইকেলসহ যুবক আটক
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের তল্লাশিচৌকি থেকে পাঁচটি তাজা ককটেল ও একটি মোটরসাইকেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা পলাশ (৪৫) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান।
সোমবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ।
পুলিশ জানায়, জনপদ মোড়ে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত তল্লাশিচৌকিতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় রয়েল এনফিল্ড মোটরসাইকেলে দুই আরোহীকে থামার সংকেত দেওয়া হলে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ফাঁড়ি ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) যৌথ অভিযানে সাইফুলকে আটক করা হয়। তবে অপর আরোহী পলাশ পালিয়ে যান।
আটকের পর সাইফুলের হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ধানের তুষ পাওয়া যায়। সন্দেহ হলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বিশেষজ্ঞরা ব্যাগটি পরীক্ষা করে তুষের ভেতর লুকানো পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেন। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার সাইফুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম গ্রামের মৃত মোহাম্মদ খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেন এলাকায় বসবাস করতেন। পলাতক পলাশের বয়স আনুমানিক ৪৫ বছর এবং তাঁর বাড়ি মানিকগঞ্জে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাঁর বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযানে কেউ হতাহত হননি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190489