রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। ফার্মগেট, আদাবর, মিরপুর ও মগবাজারসহ বিভিন্ন স্থানে এসব ঘটনায় আতঙ্ক ছড়ালেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান এসব তথ্য নিশ্চিত করেন।
এরপর রাত ৯টার দিকে মিরপুর ১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে হাতিরঝিল থানার অধীন মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টাকালে চারজনকে হাতেনাতে আটক করে পুলিশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190487