রংপুরের বদরগঞ্জে ভটভটি থেকে ছিটকে পড়ে গরু ব্যবসায়ী নিহত
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে গরুবাহী ভটভটি থেকে ছিটকে পড়ে দ্বিজেন্দ্র নাথ সরকার (৬৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আলদাদপুর গ্রামের বটপাড়ার বাসিন্দা। আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে বদরগঞ্জ পৌরশহরের জামুবাড়ি এলাকার পকীহানায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্বিজেন্দ্রনাথ সরকার বদরগঞ্জ হাটে গরু কিনে ভটভটি যোগে বাড়ি ফিরছিলেন। গরুবোঝাই ভটভটিটি পকীহানা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর গর্তে পড়ে যায়। এসময় দ্বিজেন্দ্রনাথ সরকার রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190476