রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান

রংপুর বিভাগের ৫৪ জন সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান

রংপুর জেলা প্রতিনিধি : বঞ্চিত, নির্যাতিত এবং পেশাদার সাংবাদিকদের আর্থিক অনুদান নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম  রফিকুল ইসলাম। অন্যদিকে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেছেন সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সাথে সাংবাদিক ও তাদের পরিবারের স্বাস্থ্য সেবা স্বল্পমূল্যে নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। অনুষ্ঠানে রংপুর বিভাগের ৬ জেলার মৃতসহ ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক দেয়া হয়।

এর মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের ১ জন করে। এরমধ্যে ৪ জন  মৃত সাংবাদিকদের পরিবার রয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও   রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে এবং আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরপিইউজে সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খ্র্রিষ্টফার হিমেল রিছিল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন  দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজে সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টের উপ-পরিচালক এবিএম রফিকুল ইসলাম বলেন, কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার । এর মাধ্যমে আরও অধিক সংখ্যক সাংবাদিকদের অনুদানের আওতায় আনা যাবে। তিনি বিধিমালা অনুযায়ী বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ্য, আর্থিকভাবে অস্বচ্ছল পেশাদার সাংবাদিকদের এই অনুদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সকলকে নির্ভূলভাবে কাজ করার আহবান জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190473