তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে কাঞ্চনজঙ্ঘা আর শীত উপভোগ করতে পঞ্চগড়ে পর্যটকদের ভিড়
সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় : উত্তরের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮-২২ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করলেও উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নেমেই চলেছে। গত কয়েকদিন ধরেই সেখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ সোমবার (৯ নভেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। এর আগে গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.২ এবং রোববার ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।
তবে দিনভর প্রচন্ড সূর্যের তাপের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমতে থাকায় এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী কুয়াশার কারণে বেশ শীত অনুভূত হচ্ছে।
মধ্যরাতের পর হালকা কাঁথা অথবা কম্বল বাদ দিয়ে ভারী শীতবস্ত্র গায়ে জড়াতে হচ্ছে। তবে তা এখনো উপভোগের পর্যায়েই রয়েছে। কাঞ্চনজঙ্ঘার সাথে শীত উপভোগ করতে পঞ্চগড়ে প্রতিদিন ছুটে আসছেন হাজারও পর্যটক।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সোমবার (৯ নভেম্বর) রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বগুড়ায় ২২.৫, রংপুরে ২০.৮, দিনাজপুরে ১৯.৩, নীলফামারীর সৈয়দপুরে ১৯.৮, ডিমলায় ১৮.৫, কুড়িগ্রামের রাজারহাটে ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এসব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮-২২ ডিগ্রির ঘরে অবস্থান করলেও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, হিমালয়ের খুব কাছে অবস্থান হওয়ার কারণে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। তা ধীরে ধীরে পার্শ্ববর্তি জেলাগুলোতে ছড়িয়ে পড়বে।
এদিকে উত্তরের আকাশ পরিস্কার থাকার কারণে আজ সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই অপরূপা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পূর্ণারূপে। পঞ্চগড় ও তেঁতুলিয়ায় রাতে অবস্থান করা পর্যটকরা উপভোগ করে প্রকৃতির এই অপার সৌন্দর্য। রাজধানী ঢাকা থেকে কাঞ্চনজঙ্ঘা আর শীত উপভোগ করতে আসা ফজলে নূর জানান, আমি দুইদিন ধরে তেঁতুলিয়ায় অবস্থান করছি। রোববার সকালে কিছু সময়ের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও স্পষ্ট ছিল না। মাঝে মধ্যে মেঘের সাথে লুকোচুরি খেলছিল।
দুপুরের পর থেকে আর দেখাই যায়নি। সোমবার ভোরেই চলে যাই ঐতিহাসিক ডাকবাংলার সংলগ্ন মহানন্দার তীরে। সূর্যোদয়ের সাথেই ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা। দিনভর সেখানে থেকে উপভোগ করেছি প্রকৃতির অপার সৌন্দর্যকে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
গত কয়েকদিন ধরেই এখানে সর্বনিম্ন তাপমাত্রা নিম্নমুখী। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকায় পুরোপুরি শীত নামতে আরও কয়েকদিন সময় লাগবে। পুরো শীত মৌসুম শুরু হলে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190472