বগুড়ার সোনাতলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: সোনাতলায় গত রোববার রাতে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে গত কয়েকদিন আগে ওই দুই পাড়ার কিশোরদের মধ্যে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ওই দিন দুপক্ষের মধ্যে মিমাংসার প্রস্তাব দিয়ে গ্রামের উত্তর পাড়ায় সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকের এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
খবরটি নিমিষেই দক্ষিণ পাড়ার লোকজন জানতে পেরে লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। প্রায় ২ ঘন্টা ব্যাপি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হলেন, উত্তর মধুপুর গ্রামের মৃত ইমারত আলী বেপারীর ছেলে যুবদল নেতা জুলফিকার রহমান (৪৫), হেলাল বেপারীর ছেলে লেমন (১৮), মো. জিয়ারু বেপারীর ছেলে শাহালম (১৮), মৃত ইদ্রির ছেলে সাবিত (২০), মৃত জনাব আলীর ছেলে জাহেদুল (৫০) এবং শালিখা গ্রামের মৃত উমুর আলী বেপারীর ছেলে দুদু বেপারী (৫০) সহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়।
আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে। আহতদের মধ্যে জুলফিকার রহমানের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। এছাড়াও বাজারের বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের কারণে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেগ পেতে হয়। পরে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক সেখানে উপস্থিত হয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উভয় পক্ষকে নিবৃত্ত করেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ সময় ধরে ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে। পরে বগুড়া থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আসার পর পরিস্থিতি শান্ত হয়।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে মধুপুর গ্রামের উত্তর ও দক্ষিণ পাড়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190468