বগুড়ার সান্তাহারে হোটেলসহ চার প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে দুইটি খাবারের হোটেলসহ চারটি খাদ্য প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে পৌর এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সান্তাহার পৌর শহরের বিভিন্ন হোটেল ও খাদ্য প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে গ্রামীণ ফুডসকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ টাকা, স্টার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই সব খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190465