গ্রেফতার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে স্পিকার

গ্রেফতার হয়ে কারাগারে এমপি নজরুল, সংসদকে স্পিকার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেফতার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে অবহিত করেছেন স্পিকার।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী এ-সংক্রান্ত প্রাপ্ত পত্র পাঠ করে সংসদ সদস্যদের বিষয়টি জানান তিনি।

স্পিকার জানান, গত ২০ সেপ্টেম্বর (২০২৬) শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৬৯৫) করা হয়। ওই জিডির ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম (NAM) ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে এমপি গাজী নজরুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

পরবর্তী সময়ে সাতক্ষীরার শ্যামনগর থানায় ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর ১৬, জিআর নম্বর ১৯৭) তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এ মামলায় ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

স্পিকার আরও জানান, গ্রেফতারের পর তাকে ঢাকার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধির সঙ্গে ১৭২ বিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য গ্রেফতার হলে এ-সংক্রান্ত পত্র পাওয়ার পর তা যত দ্রুত সম্ভব সংসদে পাঠ করার বিধান রয়েছে। সেই বিধি অনুসরণ করেই স্পিকার বিষয়টি সংসদকে অবহিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190437