শরৎ প্রকৃতি ও কৃষি

শরৎ প্রকৃতি ও কৃষি

ভোরের ঘাসে ও ধানের ডগায় হালকা শিশির বিন্দু  শেষ শরৎ ও আগাম শীতের আগমনি বার্তা। তুলার মতো তুলতুলে সাদা মেঘের ভেলা, উজ্জ্বল ও গাঢ় নীল আকাশ, নদীর পাড়ে বা খোলা প্রান্তরে ফোটা শুভ্র সাদা কাশফুল,  বাতাসে কাশফুলের দোল খাওয়া শরতের এক চিরচেনা দৃশ্য। শরতের ভোরে গাছ থেকে ঝরে পড়া কমলা বোঁটার সাদা শিউলি ফুল গ্রামীণ প্রকৃতিতে এক মায়াবী সুবাস ছড়িয়ে দেয়। এই সময়ে বিল-ঝিল ও জলাশয়গুলো রঙিন পদ্ম এবং শাপলা ফুলে ভরে ওঠে, শরতের রোদ সোনালি এবং আরামদায়ক। বর্ষার কাদা জল সরে গিয়ে নদী, নালা ও বিলের পানি এ সময় একদম স্বচ্ছ ও শান্ত  হয়ে যায়। ভারতীয় উপমহাদেশে শরৎকাল এক অনন্য রূপ ও রূপান্তর নিয়ে হাজির হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র ও আশ্বিন মাস এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে মূলত সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে এই ঋতুর বিস্তার ঘটে।

বর্ষার বিদায়ের পর শরৎ প্রকৃতিকে শান্ত, স্নিগ্ধ এবং উৎসবমুখর রূপ দান করে। শরৎ ও প্রকৃতি যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ, যেখানে একটিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না। বাঙালির ষড়ঋতুর দেশে শরৎ আসে এক পরম স্নিগ্ধতা আর শান্ত রূপ নিয়ে। বর্ষার মেঘলা আকাশ আর কর্দমাক্ত মাটির রেশ কাটিয়ে শরৎ যখন প্রকৃতিতে পা রাখে, তখন চারপাশ এক জাদুকরী রূপে বদলে যায়। হিন্দু ধর্মের প্রধান উৎসবগুলো মূলত পৌরাণিক কাহিনী, ভক্তি এবং ঋতু পরিবর্তনের প্রকৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত,নদীর তীরে কাশফুলের দোল জানিয়ে দেয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। অসুরের বিরুদ্ধে দেবী দুর্গার জয় এবং শক্তির আরাধনা হিসেবে এটি পালিত হয়। 

গুণী কবি, সাহিত্যিকরা, তাদের কবিতা, ছড়া ও গল্পে শরৎকে তুলে আনে অসাধারণ ভাবে। আমাদের প্রতিবছর শরৎ ঋতুকে নিয়ে চলে কবিতা পাঠের আয়োজন। তাছাড়া ফ্যাশন সচেতন পুরুষ ও রমণীরা তাদের শাড়ি ও পাঞ্জাবিতে শরৎ ঋতুকে তুলে আনে তুলির আঁচড়ে।  এই সময় গাঁয়ের পথে হাঁটতে বেশ ভালো লাগে। শিশু, কিশোররা নানা খেলায় অংশ নিয়ে গ্রামের চিরাচরিত নিয়মকে জানান দেয়। কবি বলেছেন, ‘আজিকে তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে’। শরৎ আসে গান, কবিতায়, পত্রিকার পাতায় ও প্রকৃতিতে।  

কৃষিনির্ভর বাংলার বুকে প্রাপ্তির আশা জাগিয়ে তোলে শরৎ। এ শরৎকালে মাঠে মাঠে সবুজ ধানের ওপর সোনালি আলোর ঝলমলে রূপ দেখা যায়। দুর্বাঘাস ভিজে যায় হালকা শিশিরে। চারদিক মাঠ ভরা আমন ধানের সবুজের ওপর ঢেউ খেলে যায় উদাসী হাওয়া। কৃষকরা প্রতীক্ষায় আছে আসন্ন নবান্নের আশায়। তবে শরৎ যেন দিন দিন হয়ে উঠছে বইয়ের পাতার বাসিন্দা। বর্তমানে বেশিরভাগ জমির ধান ফুল ও দানা পর্যায়ে রয়েছে, ধান গাছে ফুল আসা এবং দুধ (দানা বাঁধার প্রাথমিক) অবস্থায় বাড়তি যত্ন নেওয়া অত্যন্ত জরুরি, কারণ এই সময়ে সামান্য ভুলে ধানের ফলন ব্যাপকভাবে কমে যেতে পারে ফুল ফোটার সময় জমিতে কোনো ধরনের বিষ, কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করা যাবে না। 

রাসায়নিক উপাদান পরাগরেণু নষ্ট করে দেয়, ফলে পরাগায়ন ব্যাহত হয় এবং ধান ২৫-৪০% পর্যন্ত চিটা হতে পারে। এ বছর অক্টোবর/২০২৬ মাসে বগুড়া জেলা সহ উত্তরাঞ্চলে কোন প্রকার বৃষ্টিপাত না হওয়ায় বেশীরভাগ জমিতে রসের অভাব রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হতে সকল প্রকার সেচযন্ত্র চালু রেখে সম্পূরক সেচ দেওয়ার জন্য প্রচার- প্রচারণা চালানো হচ্ছে, ধানের দানা অবস্থায় আর পানির প্রয়োজন নেই। এ সময় কোনো ধরনের ইউরিয়া সার, ভিটামিন বা চষধহঃ এৎড়ঃিয জবমঁষধঃড়ৎ (চএজ) স্প্রে করার প্রয়োজন নেই, এটি কার্যকর নয় বরঞ্চ ধান গাছের বিবিধ জৈবিক কাজ বাধা গ্রস্ত করে। 

ইতোমধ্যে আগাম জাতের ধান পাকতে শুরু করেছে , ৮০% ধান পাকা মাত্রই কাটতে হবে। যখন রুটি-রুজির সন্ধানে ব্যতিব্যস্ত কৃষক, তখন শরতের অপরূপ বিভা দেখার ফুরসত কোথায়! তাছাড়া যে কাশফুল শরতের আগমনী বার্তা নিয়ে আসে, দিন দিন হারিয়ে যাচ্ছে সেই কাশফুলের বন। গড়ে উঠছে গগনচুম্বী ইমারত। শরতের সৌন্দর্যের উৎসগুলো হারিয়ে যাচ্ছে নগরায়নে। এসব টিকিয়ে রাখার উদ্যোগ নেই। মানুষ যখন রাষ্ট্রের তৈরি করা কৃত্রিম ব্যবস্থা, বৈষম্য, অস্থিরতা বা অনিয়মে ক্লান্ত হয়ে পড়ে, তখন প্রকৃতির বুকেই সে প্রকৃত শান্তি, আশ্রয় এবং মানসিক স্বস্তি খুঁজে পায়। এজন্য নদীর ধার, বিল কিংবা খালের চরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কাশবন এবং শাপলা-শালুকের মতো জলজ উদ্ভিদ নষ্ট না করা বা জলাভূমি ভরাট করা থেকে বিরত থাকতে হবে। পাখি ও ছোট প্রাণীদের জন্য বাগানে বা বাড়ির আঙিনায় পরিচ্ছন্ন পানির পাত্র রাখা এবং পাখির জন্য নিরাপদ কৃত্রিম বাসা বা 'বার্ড হাউস' তৈরির ব্যবস্থা করা। নদীর স্বচ্ছতা ও রূপ বজায় রাখতে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা এবং বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190420