ভর্তি পরীক্ষা পেছাতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়

ভর্তি পরীক্ষা পেছাতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসিতে সিদ্ধান্ত হলেও ভর্তি পরীক্ষার সময় পেছানোর তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ঢাবির দুই উপ-উপাচার্য (প্রো-ভিসি)।

আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী আবেদন ও ভর্তি পরীক্ষা চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। আর আজ বিকেলে সাধারণ ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ঢাবির প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। 

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে ভর্তি পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর শুরু হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ সভায় উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সে অনুযায়ী, আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় অনলাইনে আবেদন শুরুর কথা রয়েছে। আর ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে এ কার্যক্রম শেষ হবে। ‘আইবিএ ইউনিট’-এর মাধ্যমে আগামী ৫ ডিসেম্বর ভর্তি পরীক্ষা শুরুর কথা রয়েছে।

এরইমধ্যে ইউজিসির সভার সিদ্ধান্ত নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সোমবার (৯ নভেম্বর)  বলেন, ‘ইউজিসির সিদ্ধান্তের সঙ্গে ঢাবির কোনো সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সূচিতে আবেদন ও পরীক্ষা চলবে। ১১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।’

একই ধরনের কথা বলেছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামও। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা পেছাবে না, এটা মোটামুটি নিশ্চিত। কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িত। সব বিষয় চূড়ান্ত করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে আজ বিকেলে ভর্তি কমিটির সভায় বিষয়টি আলোচনা হতে পারে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190417