বগুড়ার গাবতলীতে ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার গাবতলীতে ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলীতে আদালতের বিচারাধীন জমি জোনাল সেটেলমেন্ট কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে কর্তন ও প্রতিপক্ষের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাবতলী উপজেলার রামেশ্বরপুর মাছপাড়া গ্রামের মো. বাদশা মিয়া সরদার এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বাদশা মিয়া সরদার জানান, গাবতলী থানার রামেশ্বরপুর মৌজার ৫৮ শতক জমি নিয়ে গাবতলী সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা বিচারাধীন রয়েছে। এই জমির ওপর এ.কে.এম নাজমুল হুদা বাদি হয়ে জোনাল সেটেলমেন্ট অফিসে একটি মামলা করেন।

তৎকালীন সহকারী সেটেলমেন্ট অফিসার ও উপ-সহকারী সেটেলমেন্ট অফিসারের সরেজমিন তদন্ত ও শুনানির পর কোনো উপাদান না পাওয়ায় ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার রওনক জাহান গত ২০ জুলাই মামলাটি নথিজাত করার আদেশ দেন।

তিনি অভিযোগ করেন, গত ২৬ জুলাই মামলার জাবেদা নকল তুলতে গেলে জানা যায় মামলাটি চলমান রয়েছে। পরবর্তীতে বিবাদি পক্ষকে কোনো নোটিশ না দিয়ে, মোটা অঙ্কের টাকা ও যোগসাজশের মাধ্যমে গত ২৯ সেপ্টেম্বর তাদের চূড়ান্ত খতিয়ান থেকে ৩০ শতক জমি কর্তন করে বাদির খতিয়ানে যোগ করে দেওয়া হয়।

নথিজাত হওয়া মামলার রায় পরিবর্তন করে জমি কর্তনের মাধ্যমে তাদের অপূরণীয় ক্ষতি করা হয়েছে দাবি করে বাদশা মিয়া এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190363