নীলফামারীর ডোমারে মাল্টার বাগান গড়ে তুলে শিক্ষার্থী ফাহিম সফল
ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী এলাকায় তিন একর জমিতে প্রায় এক হাজার মাল্টা গাছের বাগান গড়ে তুলে সফলতা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদুজ্জামান ফাহিম। চার বছর আগে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ শুরু করে এবার পেয়েছেন বাম্পার ফলন। শিক্ষার্থী অবস্থায় কৃষি উদ্যোক্তা হিসেবে তার এই সাফল্য এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক আগ্রহ।
ফাহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। চার বছর আগে সমতল ভূমিতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষের উদ্যোগ নেন তিনি। বর্তমানে তার তিন একর জমির বাগানে সিলেট থেকে সংগ্রহ করা বারি-১ জাতের প্রায় এক হাজার মাল্টা গাছ রয়েছে। প্রতিটি গাছেই থোকায় থোকায় মাল্টা ধরেছে। দীর্ঘদিনের পরিচর্যা ও পরিশ্রমের পর এবার বাগানজুড়ে এসেছে আশানুরূপ ফলন।
বাগানের মাল্টার স্বাদ ও মান ভালো হওয়ায় ক্রেতাদের কাছে বাড়ছে এর চাহিদা। বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা বাগানে এসে মাল্টা কিনে নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা ব্যতিক্রমী এই বাগান দেখতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। বাগানকে ঘিরে স্থানীয় কয়েকজন মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।
ফাহিম জানান, চাকরির পেছনে না ছুটে নিজেই একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকে মাল্টা চাষ শুরু করেন। শুরুতে নানা চ্যালেঞ্জ থাকলেও ধীরে ধীরে বাগানটি সফলতার মুখ দেখছে। চলতি মৌসুমে তার বাগানে কয়েক লাখ টাকার মাল্টা বিক্রি হয়েছে বলেও জানান তিনি।
এদিকে ফাহিমের মাল্টা বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। বাগানে মাল্টা গাছের পরিচর্যা, রোগবালাই ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিষয়ে কৃষি কর্মকর্তারা তাকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন।
ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ফাহিমের মাল্টা বাগানটি কৃষি বিভাগের নজরদারিতে রয়েছে। তাকে প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে। মাল্টা চাষে কোনো সমস্যা দেখা দিলে কৃষি বিভাগকে অবহিত করার পরামর্শও দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190359