চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামে এ বছর ৭ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামে এ বছর ৭ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চলতি বছরের শুরুতে চাঁপাইনবাবগঞ্জে মারাত্মক ছোঁয়াচে হামের  ব্যাপক প্রকোপ শুরু হবার পর এ পর্যন্ত ৭ শিশু ২৫০ শয়্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

আজ রোববার (৮ নভেম্বর) ১৭ হাম রোগী জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। তবে টিকা দেয়া, উচ্চ ক্ষমতার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো এবং ব্যাপক সচেতনতামূলক প্রচারণার পর  সিভিল সার্জন ডা. এ কে এম সাহাবুদ্দীন জানিয়েছেন, হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আক্রান্ত হবার সংখ্যা ও মৃৃত্যু এখন কমে এসেছে।

সিভিল সার্জন বলেন, এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক ৭ জন হাম রোগী জেলা হাসপাতালে মারা গেছে। এর বাইরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া চাঁপাইনবাবগঞ্জের হাম রোগীর তথ্য জেলা স্বাস্থ্য বিভাগের কাছে নেই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর ওই হিসাব সংরক্ষণ করে।

টিকাদান প্রসঙ্গে তিনি বলেন, প্রথম পর্যায়ে  গত ৫ এপ্রিল থেকে দেশের উচ্চ ঝঁকিপূর্ণ যে ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয় এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট এই তিন উপজেলা অন্তর্ভূক্ত ছিল। এরপর থেকেই চলমান রয়েছে হামের টিকাদানের নিয়মিত ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,জানুয়ারি থেকে ৮ নভেম্বর পর্যন্ত জেলা হাসপাতাল ও জেলার ৪টি উপজেলা হাসপাতালে ১ হাজার ৭৪০ জন  হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার উপজেলা হাসপাতালগুলোতে কোন রোগী নেই।

জেলায় এ পর্যন্ত ২১৪ জন রোগীর নমুনা পরীক্ষা করে ৪৩ জন নিশ্চিত রোগী পাওয়া গেছে। জেলা হাসপাতাল সূত্র জানায়. রোববার নতুন করে দুই রোগী ভর্তি হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৫০ জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190355