পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান

পরীমনির বিতর্কিত কর্মকাণ্ড পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক: রিনা খান
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। কিন্তু সেখানে গিয়ে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে তাকে গালমন্দ ও হুমকি দিয়ে আসেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়। আদালত প্রাঙ্গণের ওই ঘটনা পরে দেশজুড়ে তুমুল আলোচনায় রূপ নেয়। 
 
সাধারণ মানুষের একটা বড় অংশ সেই সাংবাদিকের পক্ষে সরব হন এবং পরীমনিকে ঘিরে শুরু হয় ব্যাপক সমালোচনা। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। 
 
তিনি বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা কিন্তু পরিচিত হই। আমাদের সুনামটাও আসে মিডিয়ার মাধ্যমে, আমাদের দুর্নামটাও আসে মিডিয়ার মাধ্যমে। তাই আমরা এমন কোনো কথা বলব না, এমন কোনো ব্যবহার করব না যেটা শিল্পীদের উপর বর্তায়।’ 
 
পরীমনির বিতর্কিত এই কাণ্ড পুরো শিল্পী জাতির জন্য কলঙ্ক উল্লেখ করে রিনা খান আরও বলেন, ‘আমি কেনো হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি, কালকে আমি দেখেছি নিউজটা। তবে এভাবে গালাগালি করা উচিত না। আমি অলঅভার শিল্পীদের কথাই বলছি যে, আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’ 
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190316