হবিগঞ্জের অবৈধ জিরাবোঝাই ট্রাকসহ গ্রেপ্তার ৩
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩ হাজার ৯০ কেজি অবৈধ জিরাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় পালিয়ে গেছেন একজন।
আজ রোববার (৮ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে এসব জিরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- যশোরের মুজাহিদ (২৪), য়োবায়ের (১৮) ও সিলেটের মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় পলাতক শুভ দাশ (৪৫) নামে আরও একজনকে আসামি করা হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির আইসি ও মামলার বাদী পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার বলেন, আসামিরা অবৈধভাবে সংগ্রহ করা ভারতীয় জিরা বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।