সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
মফস্বল ডেস্ক : ঢাকার সাভারে পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ রবিবার (৮ নভেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম। তিনি জানান, রাত ৩টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা ‘সাভার পরিবহন’র একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং রাত সোয়া ৩টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্টেশন অফিসার জাহাঙ্গীর জানিয়েছেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছিল। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190270