ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়কপথ অবরোধ ৭২ ঘণ্টার জন্য স্থগিত

মফস্বল ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে এবং সদর উপজেলার অখণ্ডতা রক্ষার দাবিতে ডাকা রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে।

আজ রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের পক্ষ থেকে কার্যকর সমাধানের আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা সাময়িকভাবে এ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম জানান, সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে আন্দোলনকারীদের কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের অনুরোধ জানানো হয়। নেতৃবৃন্দ সেই প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন। উদ্ভূত সংকট সমাধানে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসা হবে, যেখানে স্থানীয় সংসদ সদস্যও সরাসরি উপস্থিত থাকবেন।

এর আগে রোববার সকাল ৭টা থেকে সদর উপজেলার কোড্ডা এলাকায় জড়ো হয়ে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেন ক্ষুব্ধ বাসিন্দারা। এসময় বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ওপর অবস্থান নিয়ে রেল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেন। একই সঙ্গে সুলতানপুর-আগরতলা আঞ্চলিক সড়কেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

হঠাৎ এই অবরোধের কারণে রেলপথের উভয় পাশে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে চরম শিডিউল বিপর্যয় দেখা দেয়। এতে ঢাকাগামী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি দীর্ঘ সময় আটকা পড়ে থাকে। এ ছাড়া সকালের দিকে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’, চট্টগ্রামগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’-এর স্বাভাবিক যাত্রা বিঘ্নিত হওয়ায় শত শত ট্রেনযাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/190269